Home » » প্রকৃতি ও প্রত্যয়

প্রকৃতি ও প্রত্যয়

প্রকৃতি ও প্রত্যয়

প্রকৃতি : যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে। 

প্রকৃতি দুই প্রকার : নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু। 

নাম প্রকৃতি : হাতল, ফুলেল, মুখর- এ শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই – হাত + ল = হাতল (বাট), ফুল + এল = ফুলেল (ফুলজাত) এবং মুখ + র = মুখর (বাচাল)। এখানে হাত, ফুল ও মুখ শব্দগুলোকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ। এগুলোর নাম প্রকৃতি।


ক্রিয়া প্রকৃতি : আবার চলন্ত, জমা ও লিখিত- এ শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই √চল্+অন্ত= চলন্ত (চলমান), √জম্ + আ = জমা (সঞ্চিত) এবং √লিখ্+ইত = লিখিত (যা লেখা হয়েছে। এখানে চল্, জম্ ও লিখ্ - এ তিনটি ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ। এগুলোকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। 

প্রত্যয় : শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। 

কয়েকটি শব্দের প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করে দেখানো হলো: 

নাম প্রকৃতি: হাত, ফুল, মুখ।

প্রত্যয়: ল, এল, র।

প্রত্যয়ন্ত শব্দ: হাতল, ফুলেল, মুখর।

যেমন:  হাত+ল=হাতল, ফুল+এল=ফুলেল, মুখ+র=মুখর।


ক্রিয়া প্রকৃতি: √চল্, √জম্।

প্রত্যয়:অন্ত, আ।

প্রত্যয়ান্ত শব্দ: চলন্ত, জমা।

যেমন: চল+অন্ত=চলন্ত, জম+আ=জমা।


বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায় : ১. তদ্ধিত প্রত্যয় ও ২. কৃৎ প্রত্যয়। 

১. তদ্ধিত প্রত্যয় : শব্দমূল বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলে তদ্ধিত প্রত্যয়। যেমন-হাতল, ফুলেল ও মুখর শব্দের যথাক্রমে ল, এল এবং র তদ্ধিত প্রত্যয়। 

২. কৃৎ প্রত্যয় : ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়। উদাহরণে চলন্ত, জমা ও লিখিত শব্দের যথাক্রমে অন্ত, আ এবং ইত কৃৎ প্রত্যয়।

তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ এবং কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। যেমন- হাতল, ফুলেল ও মুখর তদ্ধিতান্ত শব্দ এবং চলন্ত, জমা ও লিখিত কৃদন্ত শব্দ।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->