Progesterone / প্রোজেস্টেরন
প্রোজেস্টেরন কি
করপাস লুটিয়াম (corpus luteum) এবং গর্ভফুল (placenta) কর্তৃক উৎপন্ন স্টেরয়েড হরমোন। মহিলাদের রজঃচক্রের দ্বিতীয় পর্যায় বা লুটিয়াল পর্যায়ে (luteal phase) এ হরমোন গুরুত্বপূর্ণ কাজ করে। গর্ভধারণের পরে তা অব্যাহত রাখার জন্য প্রোজেস্টেরন দরকারি। প্রোজেস্টেরনের ক্রিয়ার ফলে স্ত্রী প্রাণীর মধ্যে নীড় বানানোর প্রবণতা এবং শাবকদের যত্ন নেওয়ার আগ্রহ দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে রজঃচক্রের প্রথম পর্যায়ে ইস্ট্রোজেনের প্রভাবে জরায়ুতে যে বৃদ্ধি ঘটে, প্রোজেস্টেরন তার সুষ্ঠু পরিণতির জন্য কাজ করে। প্রোজেস্টেরনের প্রভাবে এন্ডোমেট্রিয়ামের (endometrium) বৃদ্ধি | ঘটে, গ্রন্থিসমূহ সংখ্যা ও আকারে বাড়ে এবং যোজক কলায় বেশ কিছু পরিবর্তন ঘটে যা ডেসিডুয়াল প্রতিক্রিয়া (decidual reaction) নামে পরিচিত। মেয়েদের যৌবনাগমের পর এবং গর্ভধারণ কালে স্তনের দুগ্ধগ্রন্থির কলাবৃদ্ধিতেও প্রোজেস্টেরন সাহায্য করে। এছাড়া প্রোজেস্টেরন ত্বকে সেবাম গ্রন্থি থেকে সেবাম (sebum) নিঃসরণ বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য ০.২-০.৫° সেলসিয়াস) বৃদ্ধি করে। এটা সার্বিকভাবে মেয়েদের শরীরে পানি ও লবণের পরিমাণ বাড়ায়। অ্যাড্রেনাল গ্রন্থি এবং পুরুষের অণ্ডকোষ থেকেও প্রোজেস্টেরন তৈরি হয় যা অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন এবং অন্যান্য কর্টিকয়েড হরমোন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions